রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এসএসসির নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ তদন্ত করতে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের উপসচিব (সমন্বয়) এ কে এম জাকির হোসেন ভূঁঞাকে আহ্বায়ক করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি (উপপরিচালক পর্যায়ের) এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার উপপরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়)। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটি প্রশ্ন বিতরণ-ব্যবস্থার ত্রুটি ও প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করবে।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রকের নেতৃত্বে এরই মধ্যে আরেকটি দল রাজধানীতে প্রশ্ন ফাঁসের বিষয়টি তদন্ত করছে।