সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে প্রাইভেট কারের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী হালিম উদ্দিন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম জানান, বেলা সাড়ে ১০টার দিকে তিনজন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা কড্ডার মোড়ে দাঁড়িয়ে ছিল। এ সময় বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সামনের চাকা পাংচার হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে প্রাইভেট কারটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হালিম উদ্দিন মারা যান। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাঁর লাশ উদ্ধার করে। দুর্ঘটনায় আহত রবি মিয়া ও শামিম আহমেদকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। প্রাইভেট কারটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।