
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘শিক্ষামন্ত্রীর ঘোষিত তারিখে আমরা ক্লাস শুরু করতে পারব বলে আশা করছি। প্রাথমিকভাবে এক দিন করে আমরা চিন্তা করছি। তবে সেটা পরিবর্তন হতে পারে। আমরা আরও বেশি দিন হয়তো শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আনতে পারব।’
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ার (ওএসইসি)–এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ১০০ শয্যার এই জরুরি বিভাগে সব ধরনের সেবার ব্যবস্থা থাকবে বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর জানান।
গতকাল শুক্রবার শিক্ষামন্ত্রী দীপু মনি করোনা মহামারির কারণে দেড় বছর ধরে বন্ধ থাকা সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ১২ সেপ্টেম্বর থেকে খোলার ঘোষণা দেন।
এক প্রশ্নের জবাবে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘শিক্ষা খাতে কিন্তু বেশ ক্ষতি হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনলাইনে, টেলিভিশনে শিক্ষা কার্যক্রম চালু রাখার চেষ্টা করেছি। কিন্তু সেটা যথেষ্ট নয়।’
এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আরেকটা বিষয় চিন্তা করছি। এসএসসি ও এইচএসসি পরীক্ষাটা সংক্ষিপ্ত সিলেবাসে শারীরিক উপস্থিতির মাধ্যমে নেওয়ার। সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এটাই এখন পর্যন্ত পরিকল্পনা। অ্যাসাইনমেন্ট কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে চলবে।’
চমেক হাসপাতালে ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ার (ওএসইসি)–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি করোনা মোকাবিলায় চিকিৎসক ও নার্সদের নিরলস পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান। এতে আরও বক্তব্য দেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর, চমেক মেডিসিন বিভাগের অধ্যাপক এম এ হাসান চৌধুরী, চমেক অধ্যক্ষ সাহেনা আকতার, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর, চমেক সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন চৌধুরী প্রমুখ।