জাতীয় মাছ ইলিশ রক্ষার স্বার্থে নববর্ষ উদ্যাপনের দিন পয়লা বৈশাখে ইলিশ মাছ খাবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নববর্ষ উদ্যাপনের দিন খাদ্যতালিকায় ইলিশের কোনো আইটেম রাখছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এ দিনের মেন্যুতে খিচুড়ির সঙ্গে থাকছে বেগুন ভাজি, ডিম ও মুরগির মাংস ভুনা।
এখন ইলিশের প্রজনন মৌসুম চলায় পয়লা বৈশাখ পান্তা-ইলিশের রেওয়াজ পরিহারের জন্য অনেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান ও মতামত তুলে ধরছেন। এরই মধ্যে গতকাল প্রধানমন্ত্রী পয়লা বৈশাখে ইলিশ খাবেন না বলে ঘোষণা এল।