নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোরী এক গৃহপরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। গৃহপরিচারিকা চিৎকার দিয়ে বাইরে বেরিয়ে এলে ঘটনাটি জানাজানি হয়ে যায়। এ সময় ধর্ষণের চেষ্টাকারী ও তার সহযোগীরা গৃহপরিচারিকাকে দুই ঘণ্টা ঘরের ভেতরে আটকে রাখে। পরে এলাকাবাসী ও পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে গৃহপরিচারিকাকে উদ্ধার করে। গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা পাইলট স্কুলসংলগ্ন এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য বরকত উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ধর্ষণের চেষ্টাকারী মোহসীন পলাতক রয়েছে। এ ঘটনায় ওই গৃহপরিচারিকা বাদী হয়ে মামলা করেছে।