নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ ৭২ জন শিক্ষার্থী এইচএসসির ফরম পূরণের দাবিতে বুধবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার খন্দকার মোশাররফ হোসেন কলেজের শিক্ষকদের অবরোধ করে কক্ষে তালা দিয়ে রাখে। অধ্যক্ষ এ কে এম মফিজুর রহমান জানান, কলেজের ৩৫৫ জন শিক্ষার্থীর মধ্যে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয় ২৪০ জন। ওই ২৪০ শিক্ষার্থী ও এক বিষয়ে অনুত্তীর্ণ ৪৩ শিক্ষার্থীর ফরম পূরণের সুযোগ দেওয়া হয় বুধবার। কিন্তু একাধিক বিষয়ে অনুত্তীর্ণ অন্য শিক্ষার্থীরা সকাল থেকে কলেজের শিক্ষক ও হিসাবরক্ষককে কক্ষে তালা দিয়ে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর শিক্ষার্থী ও অভিভাবকেরা আবারও তালা দিয়ে দেন।