ফারাজের জন্মদিনে বিনা মূল্যে চোখের চিকিৎসা

ফারাজ আইয়াজ হোসেনের ২২তম জন্মদিন আজ ১৫ এপ্রিল। এ উপলক্ষে বিনা মূল্যে চক্ষু পরীক্ষার জন্য দিনব্যাপী চক্ষুশিবিরের আয়োজন করা হয়েছে। রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারের পূর্ব গেটে আজ সকালে এ কার্যক্রম শুরু হয়।

ফারাজ হোসেন ফাউন্ডেশনের সহযোগিতায় ড্রিসট্রেস্ট চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) এ কার্যক্রমের আয়োজন করে। আজ সকাল ১০টার দিকে এই কর্মসূচির উদ্বোধন করেন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা ও ফারাজ হোসেনের বড় ভাই যারেফ আয়াত হোসেন। দিনব্যাপী এই চক্ষুশিবিরে চিকিৎসাসেবা দিচ্ছেন ঢাকার বিএনএসবি চক্ষু হাসপাতালের একদল চিকিৎসক।

ফারাজ আইয়াজ হোসেনের ২২তম জন্মদিন উপলক্ষে বিনা মূল্যে চক্ষু পরীক্ষার জন্য দিনব্যাপী চক্ষুশিবিরের আয়োজন করা হয়েছে। চক্ষুশিবির উদ্বোধনের আগে সেবা নিতে আসা শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন চিত্রনায়িকা ববিতা। সেখানে ছিলেন যারেফ আয়াত হোসেন। মিরপুর, ঢাকা, ১৫ এপ্রিল। ছবি: জাহিদুল করিম

এই চক্ষুশিবির কর্মসূচিতে দরিদ্র মানুষদের বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। এ ছাড়া বিনা মূল্যে চোখের ড্রপ ও ওষুধ দেওয়া হয়। যাঁদের চোখে ছানি সমস্যা রয়েছে, তাঁদের পরবর্তী সময়ে এই চক্ষুশিবিরের আওতায় বিনা মূল্যে অস্ত্রোপচার করানোর ব্যবস্থা করা হবে। এই চক্ষুশিবিরে আজ দুপুর ১২টা পর্যন্ত শিশু ও বয়স্ক প্রায় আড়াই শ রোগীর চক্ষু পরীক্ষা করা হয়।

ফারাজ হোসেন ফাউন্ডেশনের সহযোগিতায় ড্রিসট্রেস্ট চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) যৌথভাবে রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারের পূর্ব গেটে বিনা মূল্যে চোখের চিকিৎসার আয়োজন করে। সেখানে সেবা নিচ্ছেন একজন নারী। মিরপুর, ঢাকা, ১৫ এপ্রিল। ছবি: জাহিদুল করিম

২০১৬ সালের ১ জুলাই রাজধানীর হোলি আর্টিজান বেকারিতে হামলার সময় দুই বন্ধুকে ছেড়ে আসতে অস্বীকৃতি জানানোয় জঙ্গিদের হাতে নিহত হন ফারাজ আইয়াজ হোসেন।

ফারাজের জন্মদিন উপলক্ষে আয়োজিত চক্ষুশিবির উদ্বোধনের আগে একটি কেক কাটা হয়। চক্ষুশিবিরে সেবা নিতে আসা শিশুদের সঙ্গে নিয়ে কেকটি কাটেন চিত্রনায়িকা ববিতা। সেখানে ছিলেন যারেফ আয়াত হোসেন।

চক্ষুশিবির উদ্বোধনের সময় চিত্রনায়িকা ববিতা বলেন, ‘ফারাজ আজকে সারা বিশ্বে পরিচিত। ফারাজ যে আত্মাহুতি দিয়েছেন, যে মানবিকতা দেখিয়েছেন, এটি নিয়ে নতুন করে কিছু বলার নেই। তরুণ ফারাজ বন্ধুত্ব, মানবতা ও সাহসিকতার মূল্য কত—তা দেখিয়েছেন।’

ফারাজ আইয়াজ হোসেনের জন্মদিন উপলক্ষে ‘ফ্রি আই স্ক্রিনিং ক্যাম্প’-এর আয়োজন করা হয়েছে। চক্ষুশিবিরে সেবা নিতে আসা শিশুদের সঙ্গে চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা ও ফারাজ হোসেনের বড় ভাই যারেফ আয়াত হোসেন। মিরপুর, ঢাকা, ১৫ এপ্রিল। ছবি: জাহিদুল করিম

এ সময় ফারাজের বড় ভাই ও ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্ট লিমিটেডের বিপণনপ্রধান (হেড অব মার্কেটিং) যারেফ আয়াত হোসেন বলেন, ‘ফারাজের সাহসিকতা ও মানবিকতা সারা বিশ্বে ছড়িয়ে দিতে ফারাজ ফাউন্ডেশন গঠন করা হয়। ফারাজ আমাদের সবার মনে আছে। তার প্রতি জন্মদিনেই আমরা মানবতার জন্য কিছু করতে চাই। আমরা সবাই ফারাজ।’

বক্তব্যের পর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে চক্ষুশিবিরের উদ্বোধন করা হয়।

ফারাজ হোসেন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল বিনয় দাস প্রথম আলোকে বলেন, ফারাজ হোসেন ফাউন্ডেশন রোহিঙ্গা ক্যাম্পে সহস্রাধিক রোহিঙ্গা পরিবারের দায়িত্ব নিয়েছে। সিআরপিতে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের জন্য একটি বিশেষায়িত সেন্টার করা হয়েছে। ফারাজ হোসেন ফাউন্ডেশন সারা দেশে বিনা মূল্যে এ রকম চক্ষুশিবির ও মেডিকেল ক্যাম্প আয়োজনে সহযোগিতা করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিসিআইয়ের নির্বাহী পরিচালক এহসান হক, আরএসসির প্রধান নির্বাহী কর্মকর্তা সালমা কাদির, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. মোজাহিদুল ইসলাম, আরএসসির প্রকল্প ব্যবস্থাপক জামাল আবদুন নাসের প্রমুখ।

সিরাজগঞ্জে ফারাজের জন্মবার্ষিকী পালিত: ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের উদ্দ্যেগে প্রথম আলোর সিরাজগঞ্জ কার্যালয়ে মোমবাতি প্রজ্বলন এবং কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালনের সূচনা করা হয়। পরে স্মৃতি পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে ফারাজের জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন, সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক হেলাল আহমেদ, জ্ঞানদায়ীনি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, প্রথম আলোর প্রতিনিধি এনামুল হক, প্রথম আলোর সিরাজগঞ্জ বন্ধু সভার সদস্য নাজমুল ইসলাম, হাসান সেখ, সেখ রাসেল, রবিউল করিম, পিংকি খাতুন, সুমী খাতুন প্রমুখ।