মুঠোফোনে ক্যামেরা তাক করে আছেন মেয়েটি। ক্যামেরার ওপাশে তরুণ কবি তারিক সালমন এবং বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক পাঠক সুশান্ত হালদার। তো, মেয়েটির ক্যামেরার ক্লিকে মুহূর্তেই ছবি হয়ে উঠলেন লেখক-পাঠক। সুশান্ত এসেছিলেন তারিক সালমনের রাতের গান কাব্যগ্রন্থটি কিনতে। লেখককে সামনে পেয়ে এই মওকায় তাঁর অটোগ্রাফের পাশাপাশি ফটোগ্রাফও তুললেন।
গতকাল সোমবার ফাল্গুনী সন্ধ্যায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে চৈতন্যর স্টলের সামনে ঘটল এই ‘ছবি’ হয়ে ওঠার ঘটনা।
কেবল খ্যাতিমান কবি-লেখক নন, এবারের বইমেলায় অনেক পাঠকের আকর্ষণ তরুণ লেখকেরাও। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ মিলিয়ে অন্যান্যবারের মতো এবারও তরুণ লেখকদের উল্লেখযোগ্য সংখ্যায় বই বেরিয়েছে। ফুটেছে তরুণ ফুল। পাঠকেরা সেগুলো কিনছেনও আগ্রহভরে। তরুণ লেখকদের বইপত্রের খোঁজে যখন ঘুরঘুর করছি গতকাল, ততক্ষণে মাসব্যাপী একুশের বইমেলায় বেজে উঠতে শুরু করেছে শেষের সুর। মেলার আয়ু আর দুই দিন। তাতে কী! তরুণ কবি-লেখকেরা যেন বসে আছেন অফুরন্ত আয়ুর সিংহাসনে।
জীবনানন্দ দাশ তরুণ পাণ্ডুলিপি পুরস্কারপ্রাপ্ত কবি সালেহীন শিপ্রা। প্রকাশ্য হওয়ার আগে নামে তাঁর পাণ্ডুলিপিটি বই হিসেবে এবারের মেলায় এনেছে প্রথমা প্রকাশন। বইটি বিক্রি মন্দ নয় বলে জানালেন প্রথমার বিক্রয়কর্মী মো. ইউসুফ। প্রথমার প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে তিনি বেশ কাব্য করেই বললেন, ‘মেলা শেষ হচ্ছে তাতে কী, আমাদের তো সবে শুরু।’
আদতেই তা-ই। এই তরুণের দল শেষ হচ্ছে না। পাঠকেরা, কবি-লেখকেরা কিনছেন তাঁদের বই। কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল যেমন বললেন, ‘এবারে অনেক তরুণের বই কিনেছি। পড়ে দেখতে চাই তাঁরা কী লিখলেন।’
চৈতন্য, জেব্রাক্রসিং, মেঘ, তিউড়ি, আদর্শ, ভাষাচিত্র—অপেক্ষাকৃত নতুন এই প্রতিষ্ঠানগুলো তরুণদের বইয়ের মাধ্যমেই মূলত তাদের প্রকাশনাকে এগিয়ে নিচ্ছে। পাশাপাশি সময়, আগামী, প্রথমা, ঐতিহ্য, বেঙ্গল, অন্যপ্রকাশ প্রভৃতি নামী প্রকাশনা সংস্থা থেকেও এবার বেরিয়েছে অনেক তরুণের বই।
এ ক্ষেত্রে চৈতন্যর প্রকাশক রাজীব চৌধুরীর কথাটি মনে রাখার মতো, ‘ব্যবসার কথা মাথায় রেখেই তরুণদের বই বের করিনি, নতুন সাহিত্যকে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার দায়ও আছে।’
তরুণ কবি ও কথাসাহিত্যিক রাসেল রায়হান। বললেন, ‘ঠিকঠাকমতো প্রচার করলে মানুষ তরুণদের লেখা পড়তে চায়।’
কবিতার বইয়ের মধ্যে সেঁজুতি বড়ুয়ার হৃৎ, জুননু রাইনের এয়া, আল ইমরান সিদ্দিকীর ধূপছায়াকাল, হিজল জোবায়েরের ধুলা পবনের দেশ, তানিম কবিরের কেটে যাচ্ছে মালিহা জেরিন, মিছিল খন্দকারের পুষ্প আপনার জন্য ফোটে, হাসনাত শোয়েবের শেফালি কি জানে, এবং ঔপন্যাসিকদের মধ্যে সাদাত হোসেনের নিঃসঙ্গ নক্ষত্র, রাজীব হাসানের আমাদের শহরে বাঘ এসেছিল, আশান উজ জামানের অন্যচোখে, সাব্বির জাদিদের পাপ, রাসেল রায়হানের একচক্ষু হরিণীরা—এ বইগুলো নিয়ে পাঠকের আগ্রহ রয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট প্রকাশনার বিক্রয়কর্মীরা। গল্পের বইয়ের বাজার মন্দা হলেও নবীন লেখকদের মধ্যে মোশাহিদা সুলতানা ঋতুর বড়ো শহরের ছোট গল্প, মোজাফ্ফর হোসেনের খুন হয়ে যাচ্ছে সব সাদেক ও মাসউদ আহমাদের পাণ্ডুলিপি করে আয়োজন-এর কাটতি খারাপ নয়।
শেষ বাক্যে লেখক-প্রকাশক-পাঠক সবাই বলেছেন একটিই কথা—তরুণদের পাঠকসমাজ গড়ে উঠছে, সামনে তা আরও বাড়বে। তবে পুরোপুরি প্রকাশিত হওয়ার জন্য তাঁদের সময় দিতে হবে। আরেকটু অপেক্ষা...।