‘আমাদের দেশের মতো ধর্মভীরু মানুষ বিশ্বের কোথাও নেই। দেশে আজ ফেতনা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। মাদ্রাসার ছাত্ররা লাঠিসোঁটা নিয়ে মিছিল করছে। অথচ হজরত শাহজালাল (র.) ও বায়েজিদ বোস্তামি (র.)-সহ অন্যান্য বুজুর্গ ও ওলি আউলিয়ারা মহত্ত্ব দিয়ে ধর্ম প্রচার করে গেছেন।’ কেরানীগঞ্জের কানিন্দী এলাকায় একটি কমিউনিটি সেন্টারে গতকাল সোমবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত মসজিদ ও মাদ্রাসার সভাপতি, ইমাম ও খতিবদের মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম তাঁর বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাবুল মিয়া, বায়তুল নুর চরকুতুব জামে মসজিদের খতিব মো. নুরুল ইসলাম প্রমুখ।