ফেনী সদর উপজেলার একটি পরিত্যক্ত বাড়ি থেকে গতকাল শুক্রবার সকালে অস্ত্রসহ সাত যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজন যুবদল কর্মী স্থানীয় আবুল কালাম হত্যা মামলার পলাতক আসামি।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মহি উদ্দিন, ওসমান গনি, হুমায়ুন কবির ওরফে মিন্টু, সফিকুল ইসলাম ওরফে সবুজ, মোহামঞ্চদ ইয়াছিন, নুরুল ইসলাম ওরফে জিয়া ও মো. সাখাওয়াত হোসেন। স্থানীয় লোকজন জানান, গ্রেপ্তার হওয়া সাত যুবক এলাকায় যুবদল কর্মী হিসেবে পরিচিত।
সূত্র জানায়, সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ অভিযান চালানো হয়। পুলিশের কাছে খবর ছিল, ফেনী সদর উপজেলার কসবা গ্রামের দলিলুর রহমানের ছেলে ও স্থানীয় যুবদল কর্মী আবুল কালাম হত্যা মামলার পলাতক আসামিরা নারায়ণপুর গ্রামের এই পরিত্যক্ত ভবনে অবস্থান করছে। বৃহস্পতিবার মধ্য রাতে বোগদাদিয়া ফাঁড়ি ও ফেনী থানা পুলিশ বাড়িটি ঘেরাও করে।
গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে পুলিশ ওই ভবন থেকে সাত যুবককে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে পুলিশ একটি পয়েন্ট ২.২ বোর এলজি, একটি কাটাবন্দুক ও একটি পাইপগান, পাঁচটি কিরিচ, আটটি ককটেল ও ১০টি লাঠি উদ্ধার করে।
ফেনীর বোগদাদিয়া ফাঁড়ি পুলিশের এসআই ফিরোজ আলম জানান, গ্রেপ্তার হওয়া সাত যুবকের মধ্যে তিনজন আবুল কালাম হত্যা মামলার পলাতক আসামি।