ফেনীর দাগনভূঞা উপজেলার রঘুনাথপুর বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম ইকবাল হোসেন চৌধুরী (৪৫)। তিনি উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী জানান, আজ রোববার দুপুর ১২টার দিকে রঘুনাথপুর বাজারে ফেনী-সোনাইমুড়ি সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ইকবাল হোসেন। সে সময় দ্রুতগতিতে এসে একটি ট্রাক (চট্ট-মেট্রো-ট-১১-০০৯৫) তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে দাগনভূঞা থানার অধীন কোরেশমুন্সি ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোরেশমুন্সি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।