
বগুড়ার শেরপুর উপজেলায় একজন চিকিৎসকসহ নতুন করে পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৮০। গতকাল রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য জানিয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল উপজেলায় আরও ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হলো ৬০৮ জনের। এর মধ্যে করোনা পরীক্ষার ফল পাওয়া গেছে ৪৬৩ জনের। নতুন করে পাঁচজনসহ উপজেলায় কোভিড-১৯–এ আক্রান্ত মানুষের সংখ্যা ৮০।
উপজেলার স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আবদুল কাদের বলেন, আরও যে পাঁচজনের করোনা সংক্রমিত হয়েছে, তাঁদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। তিনি বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত সবাইকে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।