বগুড়ায় কোভিডে রেলওয়ের সিগন্যালম্যানের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় করোনায় (কোভিড-১৯) আক্রান্ত রেলওয়ের একজন কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগী মারা যান। এ নিয়ে ২৪ ঘণ্টায় জেলায় কোভিডে পাঁচজনের মৃত্যু হলো।

মারা যাওয়া রোগীর নাম নিয়ামত আলী (৩৫)। তাঁর বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রামে। তিনি বাংলাদেশ রেলওয়ের জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় রেলস্টেশনে সিগন্যালম্যান পদে কর্মরত ছিলেন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ ওই রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে, কোভিড-১৯-এর উপসর্গ নিয়ে নিয়ামত আলী ২১ জুলাই রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। গতকাল তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখান থেকে গতকাল আসা প্রতিবেদনে তিনি কোভিড পজিটিভ শনাক্ত হন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবক দল স্বাস্থ্যবিধি মেনে হাসপাতাল চত্বরে জানাজা শেষে নিয়ামত আলীর লাশ আদমদীঘি উপজেলায় পারিবারিক গোরস্থানে দাফনের জন্য নিয়ে যায়।