বজ্রপাতে দুই বোনের মৃত্যু

বজ্রপাতে মৃত্যু
বজ্রপাতে মৃত্যু

দিনাজপুরের হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামে বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে বৃষ্টিতে ভিজতে বাড়ির বাইরে যায় ওই দুই বোন। এ সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। পরে স্বজনেরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ওই দুই শিশু লোহাচড়া গ্রামের মফিজউদ্দিনের মেয়ে আশরাফা খাতুন (১০) ও মোছা. মহছিনা খাতুন (১২)।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বিকেলে বৃষ্টি নামতে শুরু করে। সঙ্গে চলে প্রচণ্ড মেঘের গর্জন। পরে ওই দুই বোন প্রথমে বাড়ির আঙিনায় ভিজতে শুরু করে। পরে বাড়ির পাশে গাছ থেকে আম পড়ার শব্দ পেয়ে আম কুড়াতে যায়। সেখানে শিশু দুটির ওপরে বজ্রপাত হয়। এ সময় তারা চিৎকার করে ওঠে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তাদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক গাদ্দাফি বলেন, বিকেলে বজ্রপাতের কবলে পড়া শিশু দুটিকে হাসপাতালে আনা হয়েছিল। বজ্রপাতে তাদের শরীর ঝলসে গেছে। হাসপাতালে পৌঁছার আগেই তাদের মৃত্যু হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদকে বিষয়টি অবহিত করে শিশু আশরাফা খাতুন ও মহছিনা খাতুনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।