রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হলুদবাড়ীয়া গ্রামে বজ্রপাতে আজিমুদ্দিন মোল্লা (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি একই গ্রামের বাসিন্দা আলিমুদ্দিন মোল্লার ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় আজিমুদ্দিন ঘরের উঠানে বসে খাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ছাড়া তাঁর স্ত্রী পারভীন বেগম, মেয়ে সুরাইয়া ও প্রতিবেশী আবদুল মান্নানের ছেলে সালাম মোল্লা আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে সুরাইয়ার অবস্থা গুরুতর হওয়ায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বালিয়াকান্দি থানার ওসি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।