রংপুরের বদরগঞ্জে চার দিনের ব্যবধানে তিন স্কুলছাত্রীর বাল্যবিবাহ রোধ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মকর্তারা বিয়েগুলো বন্ধ করেন।
গত বুধবার উপজেলার লোহানীপাড়া উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী (১৬) ও বালাপড়া উচ্চবিদ্যালয়ের আরেক ছাত্রীর (১৩) বিয়ের দিন ধার্য হয়। গত শনিবার বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অপর ছাত্রীর (১০) বিবাহের দিন ধার্য হয়। ব্র্যাকের কর্মকর্তারা ওই ছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের বাবা-মাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বিবাহ বন্ধের সত্যতা নিশ্চিত করেছেন।