আবাসিক এলাকায় অননুমোদিত বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চলমান অভিযানে বনানীর দুটি সড়কে অবস্থিত ১৫টি গাড়ি বিক্রয়কেন্দ্র ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল থেকে বনানীর ১ ও ২ নম্বর সড়কে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান। একই সঙ্গে এ অভিযানে ফুটপাতের পাঁচটি দোকান ও নির্মাণবিধি ভঙ্গ করে ভবনের সামনে আবশ্যিক ফাঁকা জায়গায় গড়ে তোলা তিনটি বাগান অপসারণ করা হয়। অভিযানে থাকা রাজউকের জোন-৫-এর অথরাইজড কর্মকর্তা মো. আদিলুজ্জামান প্রথম আলোকে বলেন, ভেঙে দেওয়া গাড়ি বিক্রয়কেন্দ্রগুলো উচ্ছেদের পাশাপাশি এর পানি ও বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।