সংক্ষেপ

বনের শতবর্ষ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া সংরক্ষিত বনের শতবর্ষপূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে আলোচনা সভা হয়। পরে শোভাযাত্রা বের করা হয়। নিউজ কর্নার ও সুহৃদ শ্রীমঙ্গলের আয়োজনে বাংলাদেশ বন্য প্রাণী ফাউন্ডেশনের সহায়তায় এসব কর্মসূচি পালন করা হয়। জানা যায়, ১৯১৭ সালের ২০ জানুয়ারি কমলগঞ্জের লাউয়াছড়া বনাঞ্চলকে তৎকালীন আসাম সরকার সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করেছিল। এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঊর্ধ্বতন বন কর্মকর্তাদের (বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) উপস্থিতিতে দুটি বটগাছের চারা রোপণ করা হয়। আলোচনা পর্ব শেষে অতিথিরা একটি মেছো বাঘ, দুটি গন্ধগোকুল, পাঁচটি পরিযায়ী পাখি অবমুক্ত করেন।
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি