
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। আর নিখোঁজ রয়েছে অপর দুই শিশু। মঙ্গলবার উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া তিনজন হলেন রুনা বেগম (২৮), রুপা মনি (৮) ও হাসিবুল ইসলাম (৭)। নিখোঁজ দুই শিশু হলো সুমন (৮) ও রুকুমনি (৮)। রুনা স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলামের স্ত্রী। এ ছাড়া রুপা মনি মহসিন আলীর মেয়ে এবং হাসিবুল আয়নাল হকের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিঙি নৌকা নিয়ে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে প্রবল স্রোতের মুখে পড়ে নৌকা ডুবে এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মনজিল হক বলেন, নৌকাডুবির ঘটনায় একই এলাকার তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।
এ দিকে কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহিনুর রহমান সরদার বলেন, রুপা মনি ও হাসিবুল ইসলাম নামে দুই শিশুকে দুপুরে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। পরে পরিবারের লোকজন তাদের বাড়িতে নিয়ে যায়।