বরিশালে বলগেট ডুবে শ্রমিকের মৃত্যু

বরিশালে বালুবাহী নৌযান (বলগেট) ডুবে লালচান (১৮) নামের এক শ্রমিক মারা গেছেন। গতকাল শনিবার ভোরে কীর্তনখোলা নদীর দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া মোমিন এন্টারপ্রাইজ নামের বলগেটের বেঁচে যাওয়া শ্রমিক কামাল জানান, বলগেটটি শুক্রবার রাতে ওই ফেরিঘাটের কাছাকাছি এলাকায় নোঙর করে তিনি ও লালচানসহ পারভেজ নামের অপর এক শ্রমিক ঘুমিয়ে ছিলেন। গতকাল ভোরের দিকে তিনি শৌচাগারে যাওয়ার জন্য উঠলে বলগেটটি ডুবে যেতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি ঘুমন্ত লালচান ও পারভেজকে ডেকে উঠিয়ে বলগেট থেকে বের হন। এ সময় লালচান বলগেটের ভেতরে থাকা মুঠোফোনসহ অন্য মালামাল আনতে যান। মুহূর্তের মধ্যে বলগেটটি ডুবে গেলে লালচান আর উঠতে পারেননি। সকাল ১০টার দিকে লালচানের মৃতদেহ উদ্ধার করা হয়।