বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের ওপর আদেশ পিছিয়েছে। কলেজছাত্রী মোসারাত জাহানকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় এই আবেদন করেছিল তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার এ বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও তা হয়নি।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আবেদনের ওপর আদেশের জন্য আগামী ২৭ অক্টোবর দিন রেখেছেন। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে গত ২৬ এপ্রিল রাতে কলেজছাত্রী মোসারাত জাহানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন মোসারাতের বড় বোন নুসরাত জাহান। এ মামলায় গত জুলাই মাসে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। ঢাকার সিএমএম আদালত গত ১৮ আগস্ট পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন।
পরে মোসারাতকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গত ৬ সেপ্টেম্বর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ আটজনের বিরুদ্ধে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ নালিশি মামলা করেন মোসারাতের বোন নুসরাত জাহান। পরে আদালত এই মামলাটি গুলশান থানাকে এজাহার হিসেবে রেকর্ড করার আদেশ দেন। একই সঙ্গে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন।
এই মামলায় সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে গত ১৩ সেপ্টেম্বর আদালতে আবেদন করে পিবিআই। আদালত ১৯ সেপ্টেম্বর শুনানি নিয়ে এ বিষয়ে আদেশের জন্য রোববার দিন রেখেছিলেন।
এ মামলায় মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৩ অক্টোবর ঢাকার সিএমএম আদালত পিয়াসাকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। রিমান্ড শেষে পিয়াসা এখন কারাগারে আছেন।