নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ছোট যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের জায়গা দখল হয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায় বাঁধের পাশে পাউবোর জায়গায় একের পর এক গড়ে উঠছে দোকানঘর ও বসতবাড়ি। এসব অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে পাউবোর কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ রয়েছে।
পাউবোর নওগাঁ কার্যালয় থেকে জানা গেছে, নওগাঁ শহরের কালীতলা থেকে শুরু হয়ে জেলার রানীনগর, মান্দা ও মহাদেবপুর উপজেলা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার বাঁধের সীমানা বিস্তৃত।
সরেজমিনে নওগাঁর রানীনগর উপজেলা সদর, কাশিমপুর ও মিরাট ইউনিয়ন এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের পশ্চিম অংশে গিয়ে দেখা গেছে, শুধু ওই এলাকাগুলোতে অর্ধশতাধিক বসতবাড়ি, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। নির্মাণাধীন রয়েছে আরও অর্ধশতাধিক স্থাপনা। রানীনগরের মতো মান্দা ও মহাদেবপুর উপজেলায় বাঁধের বিভিন্ন অংশে একইভাবে অবৈধ দখলকারীরা স্থাপনা গড়ে তুলছেন বলে জানা গেছে।
রানীনগরের হরিষপুর গ্রামে বাঁধের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেছেন জামাল উদ্দীন ও শাহাব আলী। তাঁরা বলেন, সবাই বাঁধ দখল করে বাড়ি তৈরি করছে, তাই তাঁরাও বাড়ি তৈরি করছেন। একই গ্রামের তোতা মিয়া বলেন, যেভাবে বাঁধ দখল হয়ে যাচ্ছে, তাতে আর দু-এক বছরের মধ্যে বাঁধের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
হামিদপুর গ্রামের মোতালেব হোসেন অভিযোগ করেন, বাঁধের জায়গায় এসব বাড়িঘর তৈরির পেছনে পাউবোর কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে।
এই অভিযোগ অস্বীকার করে পাউবোর নওগাঁ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন বলেন, এরই মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদের বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে।