নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ছকিরকুড়া গ্রামে বৃহস্পতিবার সকালে বাঁশকাটাকে কেন্দ্র করে সংঘর্ষে মনছের আলী (৪৫) নামের এক দিনমজুর নিহত ও দুজন আহত হয়েছেন। আহত রবিউল ইসলাম (৪০) ও তাঁর স্ত্রী রোজিনা আক্তারকে (২৫) ডিমলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় মনছের আলীকে পুকুরে ফেলে দেওয়া হয়। এ সময় তিনি ডুবে গেলে রংপুর থেকে দমকল বাহিনীর ডুবুরি দল এসে বিকেল পাঁচটায় তাঁর লাশ উদ্ধার করে। হামলাকারী দুই ভাই সফিকুল ইসলাম (২৫) ও আলমগীর হোসেন (২০) আত্মগোপনে রয়েছেন বলে পুলিশ জানায়।