বললেন কানাডার হাইকমিশনার

বাংলাদেশের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে সহিংসতা

ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়া পিয়ের লারামে বলেছেন, চলমান সহিংসতা চূড়ান্ত বিচারে বাংলাদেশের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে। গতকাল রোববার রাজধানীতে কানাডার দুই দিনব্যাপী বাণিজ্য মেলার শেষ দিনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এদিকে ঢাকায় নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত মা মিংকিয়াং আশাবাদ ব্যক্ত করেছেন, অচিরেই বাংলাদেশের সহিংসতার অবসান হবে। সকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ আশাবাদ প্রকাশ করেন।
একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কানাডার হাইকমিশনার বলেন, বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে অবশ্যই তার অবসান হওয়া উচিত। কারণ, এ পরিস্থিতি চূড়ান্ত বিচারে দেশের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে। তিনি বলেন, ‘সহিংসতার শিকার হওয়া লোকজনের কষ্ট আমাকে ব্যথিত ও হতাশ করে। ক্ষতিগ্রস্তরা অবশ্যই সবচেয়ে ঝুঁকিতে থাকা লোকজন। তাই অবশ্যই সহিংসতার অবসান হতে হবে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার ক্ষেত্র অবশ্যই তৈরি করতে হবে।’
বেনোয়া পিয়ের লারামে মনে করেন, রাজনৈতিক এ সহিংসতার অবসান হওয়া উচিত। কেননা তা বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে। তাঁর মতে, নিজেদের বিনিয়োগ সুরক্ষার স্বার্থে ব্যবসায়ীরা শান্তি ও স্থিতিশীলতা দেখতে চান। বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়াতে হলে শান্তি ও স্থিতিশীলতা পূর্বশর্ত।
এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর চীনের রাষ্ট্রদূত জানান, চলমান সহিংসতা নিয়ে তাঁদের আলোচনা হয়েছে।
বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি-জামায়াত আহূত চলমান অবরোধ এবং সাধারণ জনগণের বিরুদ্ধে তাদের সহিংসতা ও পেট্রলবোমা হামলা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী চীনের রাষ্ট্রদূতকে অবহিত করেন।