
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ও ১৮ মে যুক্তরাষ্ট্রর হাওয়াই অঙ্গরাজ্যের হনলুলুতে অনুষ্ঠিত হয় দুই দিনের এ সংলাপ।
সংলাপে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন মুহাম্মদ মশিউর রহমান। অপর দিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইন্দো-প্যাসিফিক কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতি বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল থমাস জে জেমস। এ সময় যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এটাচে সংলাপে অংশ নেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১২ সাল থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ শুরু হয়। করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ৮ অক্টোবর ভার্চ্যুয়ালি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বাস্তবায়নে সহযোগিতার জন্য আয়োজন করা হয় এ সংলাপ। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উষ্ণ ও গভীর প্রতিরক্ষা সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের প্রতিরক্ষা খাতের উন্নয়ন ও প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র তাদের এ সহযোগিতা অব্যাহত রাখবে। প্রতিবছর বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সদস্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়ে থাকেন।