
গণমাধ্যম হচ্ছে সমাজ ও রাষ্ট্রের তৃতীয় নয়ন। তাই বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং দুই নিকট প্রতিবেশীর এই সম্পর্ক কীভাবে দক্ষিণ এশিয়ায় প্রভাব ফেলছে, তা সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ‘কানেকশনস ২০২২ অ্যান্ড মিডিয়া অ্যাওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এ অভিমত দেন।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (আইআইএমসিএএবি) এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ-ভারত মৈত্রী দৃঢ় করার ক্ষেত্রে গণমাধ্যম আরও বড় ভূমিকা রাখতে পারে। দুই নিকট প্রতিবেশীর মধ্যে যে মতপার্থক্য রয়েছে, তা মৌলিক কোনো বিষয়ে নয়। এই মতপার্থক্য প্রক্রিয়াগত। বাংলাদেশের সঙ্গে ভারতের চমৎকার সম্পর্ক রয়েছে।
এরপরও রাজনৈতিক কারণে ভারতবিরোধিতা রয়েছে। ভারতের মতো বৃহৎ প্রতিবেশীর সঙ্গে বৈরিতা রেখে আমাদের ও অঞ্চলের উন্নতি সম্ভব নয়।’
তথ্যমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে যে বিরোধিতা বাংলাদেশ ও ভারত দুই দেশে হয়, ভোটের আগে এই বিরোধিতা আরও বেশি হয়। তাই গণমাধ্যমকর্মীদের এখানে ভূমিকা আছে প্রকৃত চিত্র তুলে ধরার।
এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম বেশ বৈচিত্র্যময় ও উজ্জ্বল। এ দেশের পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রকৃত চিত্র তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করি।’
বিক্রম দোরাইস্বামী আরও বলেন, বাংলাদেশ কীভাবে বদলে গেছে এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক দক্ষিণ এশিয়া এবং তার সীমানা ছাড়িয়ে পরিবর্তন এনেছে, গণমাধ্যম তা সঠিকভাবে তুলে ধরবে।
আইআইএমসিএএবির যুগ্ম সম্পাদক আঙ্গুর নাহার মন্টির সঞ্চালনায় সংগঠনের সভাপতি ইহসানুল করিম, সহসভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক জাহিদ নেওয়াজ খান, আইআইএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি প্রসাদ স্যানাল ও অনুষ্ঠানের স্পনসর ঐক্য ডটকম ডট বিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা অপু মাহফুজ বক্তৃতা দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে প্রতিবেদনের জন্য ২০১৯, ২০২০ ও ২০২১ সালে তিন গণমাধ্যমকর্মীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিজয়ীরা হলেন নিউজ২৪–এর টিম আন্ডারকাভার, নিউজ নাও বাংলার শামীমা দোলা ও প্রথম আলোর রাহীদ এজাজ। বিজয়ীদের নাম ঘোষণা করেন পুরস্কার কমিটির প্রধান ও ইউএনবির নির্বাহী সম্পাদক ফরিদ হোসেন।