সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মী প্রসাদ দুর্গ ইউনিয়নের বাংলা টিলায় গর্তে ধস নেমে দুজন মারা গেছে। আজ সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছে।
স্থানীয় শ্রমিকেরা বলছেন, বাংলা টিলার ওই এলাকাটি দুর্গম। বেশ কয়েক দিন ধরে গর্ত করে সেখান থেকে পাথর উত্তোলন চলছিল। সেখানে বিচ্ছিন্নভাবে অনেকেই পাথর তোলেন। এটি অবৈধ। সকাল সাড়ে আটটার দিকে সেখানে একটি গর্তে ধস নামে। এতে শিশুসহ কয়েকজন চাপা পড়ে। সেখানে থেকে একটি শিশুসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ দুজনের লাশ উদ্ধারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকাটি দুর্গম। ঘটনাস্থলে পুলিশ গেছে। নিহত ও নিখোঁজ ব্যক্তিদের নাম–পরিচয় এখনো জানা যায়নি।