মিরপুর বাঙলা কলেজের ছাত্রাবাসে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্রসহ ৪২ জনকে আটক করেছিল পুলিশ। এর মধ্যে ৩২ জনকে যাচাই-বাছাইয়ের পর ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, বাঙলা কলেজের অধ্যক্ষ ও হল প্রভোস্ট ৩২ জনকে সাধারণ ছাত্র হিসেবে শনাক্ত করায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। বাকি ১০ জনের মধ্যে ছয়জন কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং চারজন বহিরাগত। এই ১০ জনকে কাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, আটক করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি রিভলবার, তিনটি ম্যাগাজিন, ১৪টি গুলি, ২০টি চাপাতি-কিরিচ, একটি ককটেল, ১৭টি বড় রড ও বেশ কিছু লাঠি।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে জানান, গতকাল গভীর রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত এ তল্লাশি চালানো হয়। একটি ছাত্র সংগঠনের দুটি গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব অস্ত্র মজুত করেছে বলে পুলিশে কাছে খবর ছিল।