বান্দরবানের লামা উপজেলার দুর্গম এলাকা থেকে মিয়ানমারের চার যুবককে আটক করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা তাঁদের আটকের পর পুলিশে সোপর্দ করেছেন।পুলিশের ভাষ্যমতে, লামা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক থুইনিমং মারমার নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু ক্যজ মারমাসহ কয়েকজন নেতা-কর্মী গত রোববার বিকেলে গজালিয়া ইউনিয়নের মিজ্জিরী এলাকার একটি বাগানে কয়েক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। তাঁদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হয়। সদুত্তর দিতে না পারায় রহিম উল্লাহ (১৯), মো. রফিক (২২), নুরুল কবির (২২) ও নুরুল আহমদকে (২০) আটক করে পুলিশে সোপর্দ করা হয়।