হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বারুণী স্নান উপলক্ষে গতকাল মঙ্গলবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচায় যমুনা নদীর তীরে হাজারো মানুষের ঢল নামে। শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজকল্যাণ সমিতি, পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু মহাজোট যৌথভাবে এই উৎসবের আয়োজন করে। এ উৎসব ঘিরে প্রতিবছরের মতো এবারও আরিচায় যমুনার তীরে সাত দিনব্যাপী মেলা বসেছে। গতকাল থেকে শুরু হওয়া এ মেলা চলবে আজ বুধবার পর্যন্ত। মেলায় খেলনা, প্রসাধনসামগ্রী, কাঠ, বেত, মাটি ও লোহার তৈরি ক্ষুদ্রশিল্পের ব্যবহার্য নানা সামগ্রীর দোকান বসেছে। শিবালয় বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ইকবাল হোসেন জানান, প্রায় দুই শ বছর ধরে আরিচায় যমুনার তীরে এই উৎসব হয়ে আসছে।