নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে সাতজনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চরহুগলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়৷ এ সময় একটি ড্রেজার ও একটি বালুবাহী বাল্কহেড জব্দ করা হয়৷
আটক হওয়া ব্যক্তিরা হলেন মনির হোসেন, ওয়াসিম হোসেন, নিজাম উদ্দিন, আবদুল হক, হাসান মিয়া, শামিম হোসেন ও রাসেল হোসেন। কোস্টগার্ড পাগলা স্টেশনের এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য পাওয়া গেছে৷ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল সকাল সাড়ে আটটায় কোস্টগার্ড পাগলা স্টেশনের একটি টহল দল মেঘনা নদীর সোনারগাঁ উপজেলার চরহুগলা এলাকায় অভিযান চালায়৷
এ ছাড়া তারা সেখান থেকে একটি ড্রেজার ও একটি বালুবাহী বাল্কহেড জব্দ করে। পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা ড্রেজার ও বাল্কহেড এবং আটক করা সাতজনকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।