দিনাজপুরে গতকাল রোববার ‘বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এই সভা হয়।
দিনব্যাপী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। এতে জেলা ও দায়রা জজ দীপ্রমান সরকার প্রধান অতিথি এবং পুলিশ সুপার সারোয়ার মুর্শেদ ও প্ল্যান বাংলাদেশের পরিচালক (ফিল্ড অপারেশন) বিশেষ অতিথি ছিলেন। দিনাজপুর ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক, দিনাজপুরের ১৩ উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, নোটারি পাবলিক, সরকারি কৌঁসুলি, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, প্ল্যান বাংলাদেশের দিনাজপুর প্রোগ্রাম ইউনিট ম্যানেজার-কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেন, বাল্যবিবাহ বন্ধে দিনাজপুরে সরকারি-বেসরকারি ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব পদক্ষেপের নজরদারি করা হচ্ছে। বাল্যবিবাহের বেশির ভাগ ঘটনার ক্ষেত্রেই জেলা বা উপজেলা প্রশাসন বিবাহ অনুষ্ঠানের আগেই ঘটনাস্থলে পৌঁছে তা প্রতিরোধ করছে।