মিনিবাসের ধাক্কায় গতকাল শুক্রবার ঠাকুরগাঁওয়ে গ্রামীণ ব্যাংক বোদা শাখার জ্যেষ্ঠ কেন্দ্র ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বীরহলী গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্র জানায়, তিনি মা-বাবার সঙ্গে দেখা করতে বোদা থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি আসছিলেন। বিকেল তিনটার দিকে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের শোক ব্রিজের কাছে ঠাকুরগাঁওগামী একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আনোয়ারুল ইসলাম ও তাঁর মেয়ে আঁচল (৬) গুরুতর আহত হন। ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আনোয়ারুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় আঁচলকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।