মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় গতকাল বৃহস্পতিবার বাসের ধাক্কায় বাবুল হোসেন (৩০) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী দিদারুল ইসলাম (২৮)।
নিহত বাবুল ঘিওর উপজেলার বড় বিলনালাই গ্রামের হারুন মিয়ার ছেলে। আহত দিদারুল সদর উপজেলার মুলজান গ্রামের আবদুল মালেকের ছেলে। তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মানিকগঞ্জ শহর থেকে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন বাবুল ও দিদারুল। বিকেল পাঁচটার দিকে ভাটবাউর এলাকায় পৌঁছালে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তাঁরা সড়কের ওপর ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে বাবুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।