নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোধড়া এলাকায় নাটোর-পাবনা সড়কে গতকাল শুক্রবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
নাটোর হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়াগামী শুভেচ্ছা পরিবহনের একটি বাস ও নাটোরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কুষ্টিয়া কোর্টপাড়া মহল্লার জাহিমের (১০) মৃত্যু হয়। আহত হন ১৫ জন যাত্রী। পুলিশ ও এলাকাবাসী আহতদের মধ্যে জাহিমের মা সোহানা বেগম (৩৫), মেহেরপুর উপজেলার আমান উল্লাহ (৩৮), তাঁর স্ত্রী ফিরোজা বেগম (৩৩), চাঁপাইনবাবগঞ্জের আবদুল করিম (২২), ঈশ্বরদীর মুলাডুলির হারেজ উদ্দিন (৪২), ময়মনসিংহের ছফির উদ্দিন (৩২), মহেশপুরের হোসেন আলী (৩০) ও কুমারখালীর তরিকুল ইসলামকে (৩৫) উদ্ধার করে স্থানীয় জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ট্রাকের চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। অভিযুক্ত ট্রাকচালককে ধরার চেষ্টা চলছে।