বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লায় বাস ও ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম লাভলু মিয়া (৪৮)। বাড়ি পাবনায়।

মির্জাপুর থানার পুলিশ জানায়, মির্জাপুর উপজেলার পাকুল্লায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলগামী একটি ট্রাকের পেছনে শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে শ্যামলী পরিবহনের সুপারভাইজার লাভলু মিয়া নিহত হন। এ ছাড়া এ ঘটনায় আহত ব্যক্তিদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি জানান, নিহত লাভলু মিয়ার লাশ পুলিশ হেফাজতে আছে।