নোয়াখালী শহরে গতকাল সোমবার সকালে পুলিশি পাহারায় চলাচলের সময় বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে হামলা চালায় অবরোধকারীরা। জবাবে পুলিশ শটগান ও চায়নিজ রাইফেলের ৫০টি গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপির চারজন গুলিবিদ্ধ হন। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল করিমসহ ছয়জনকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আগে-পিছে পুলিশি পাহারায় শহরের সোনাপুরের বিআরটিসির ডিপো থেকে একটি বাস ঢাকার উদ্দেশে রওনা হয়। সাড়ে ১০টার দিকে শহরের নাপিতের পোল মাইজদী বাজার এলাকায় অবরোধকারীরা ঢিল ছুড়ে বাসের চার-পাঁচটি জানালার কাচ ভেঙে ফেলে।
পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, বাসে হামলার পর শটগান ও চায়নিজ রাইফেল থেকে ৫০টি গুলি ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান দাবি করেন, পুলিশের হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গতকাল শহর বাইপাস সড়কের কাউতলী মোড়ে বিআরটিসির একটি বাসের কাচ ভাঙচুর করা হয়।