বিএনপির আরও তিন নেতার মুক্তি

বিরোধী দল বিএনপির ডাকা গত ২১ এপ্রিলের হরতালের আগের দিন ঢাকার খিলগাঁও এলাকায় গাড়ি পোড়ানো মামলায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আরও তিনজন নেতা গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন: স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর (উত্তর) আহ্বায়ক মো. ইয়াছিন আলী, যুবদলের ঢাকা মহানগর (দক্ষিণ) সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ও মানিকগঞ্জের সিঙ্গাইর থানা বিএনপির সভাপতি মো. ইউনুছ মৃধা। কারাগারের তত্ত্বাবধায়ক আবদুর রাজ্জাক বলেন, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ওই তিনজনের জামিননামার কাগজপত্র কারা কর্তৃপক্ষের হাতে আসে। এর পর যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।