বিএনপির দুই পক্ষের হাতাহাতি

মহান স্বাধীনতা দিবসে গতকাল সোমবার চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মিরসরাই উপজেলা বিএনপির নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অলিউল কবিরের নেতৃত্বে একটি পক্ষ এবং সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের নেতৃত্বে আরেকটি পক্ষ স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে মিরসরাই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়। কিছুক্ষণ পর দুই পক্ষের নেতা-কর্মীরা উপজেলা বিএনপির কার্যালয়ে এলে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় অলিউল কবিরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এক পক্ষের নেতা-কর্মীরা। কেউ একজন মিরসরাই পৌর ছাত্রদলের আহ্বায়ক রেজাউল হকের কোমরে ছুরিকাঘাত করেন। তাঁকে স্থানীয় মাতৃকা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।