পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান মাতাব্বরকে গতকাল শনিবার দুপুরে যুবলীগের ক্যাডাররা পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শাহাজাহান মাতাব্বর জানান, কেন্দ্রীয় বিএনপির ডাকে ৯ ডিসেম্বর রাজপথ অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তিনি লিফলেট বিতরণ করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গতকাল বেলা দেড়টার দিকে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা ২০-২৫ জন সমর্থক নিয়ে তাঁকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টেনেহেঁচড়ে নামিয়ে বেধড়ক পেটান। এ সময় তাঁর শরীরের বিভিন্ন অংশ জখম হয় ও মাথা ফেটে যায়। সন্ত্রাসীদের ভয়ে তিনি চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারছেন না।মনির হোসেন মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি জানি না।’