নরসিংদীতে গতকাল বুধবার বিএনপির এক আলোচনা সভায় ‘সরকারদলীয় সন্ত্রাসীরা’ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা মঞ্চ ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধর করে। গতকাল এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘এখনই দলীয় পান্ডা-সান্ডাদের লাগাম টেনে ধরুন, নইলে তাদের সব দুষ্কর্মের জবাব একদিন আপনাকে জনগণের কাছে দিতে হবে।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।