যশোরের অভয়নগর উপজেলায় বিএল কলেজের ছাত্র জাহিদুল ইসলাম (২২) নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। জাহিদুলের বাবা আবদুল গফফার বিশ্বাস গতকাল বুধবার দুপুরে অভয়নগর থানায় এই মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।গত মঙ্গলবার দুপুরে উপজেলার নওয়াপাড়ায় ছিনতাইকারীদের গুলিতে জাহিদুল নিহত হন।এদিকে জাহিদুলকে হত্যার প্রতিবাদে নওয়াপাড়ার ব্যবসায়ীরা গতকাল ধর্মঘট ও কালো ব্যাজ ধারণ করেন। এ সময় ভৈরব নদে অবস্থানরত বার্জ ও কার্গো থেকে সব ধরনের পণ্য ওঠানো-নামানো বন্ধ ছিল। অভয়নগর থানার ওসি ইমদাদুল হক বলেন, জাহিদুল হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।