লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম শাহজাহান আলম (২৫)। বাড়ি উপজেলার নাজিরগুমানি গ্রামে। বাবার নাম জয়নাল মিয়া।বিডিআর ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বুড়িমারীর মাস্টারপাড়া সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের তিন নম্বর সাব-পিলারের কাছ দিয়ে একদল গরু ব্যবসায়ী ভারত থেকে গরু আনছিলেন। এ সময় বিএসএফের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই শাহজাহান নিহত হন। পরে বিএসএফের সদস্যরা তাঁর লাশ টেনেহিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যান। বুড়িমারী বিওপির সুবেদার হাবিব জানান, এ ঘটনায় বিডিআরের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং লাশ ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।