
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটি সিঙ্গাপুরের চেঙ্গি বিমানবন্দর থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল।
আকাশে উড়োজাহাজটির একটি ইঞ্জিন বিকল হওয়ার বিষয়টি বুঝতে পেরে পাইলট বিকল্প ইঞ্জিন দিয়ে বিকেলে চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করান। বিকল্প ইঞ্জিন দিয়ে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেয় উড়োজাহাজটি।
বিমানবন্দর সূত্র জানায়, ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটিতে এক শিশুসহ ১০০ জন যাত্রী ছিল। অবতরণের পর চট্টগ্রামের ১৫ জন যাত্রী বিশেষ ইমিগ্রেশন শেষ করে তাঁদের বিমানবন্দর ত্যাগ করার সুযোগ দেওয়া হয়। চট্টগ্রামের যাত্রীরা সিঙ্গাপুর থেকে ঢাকায় নেমে আরেকটি ফ্লাইটে চট্টগ্রামে আসার কথা ছিল।
বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কাজী খায়রুল কবির প্রথম আলোকে বলেন, যাত্রীদের সবাই নিরাপদে চট্টগ্রাম অবতরণ করেন। চট্টগ্রামে আটকে থাকা বাকি যাত্রীদের বাংলাদেশ বিমানের দুটি উড়োজাহাজে রাত ১০টার মধ্যে ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।