বিজিবির নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল সাকিল আহমেদ
বিজিবির নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল সাকিল আহমেদ

বিজিবির নতুন মহাপরিচালকের দায়িত্ব নিলেন সাকিল আহমেদ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল সাকিল আহমেদ। গত সোমবার বিকেলে বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের কাছ থেকে এ দায়িত্ব নেন তিনি।

আজ বুধবার দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজিবিতে যোগ দেওয়ার আগে সাকিল আহমেদ সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর জেনারেল সাকিল আহমেদ ১৯৮৮ সালের ২৪ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমির ১৮তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে পদাতিক কোরে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি কমান্ড, স্টাফ ও প্রশিক্ষক পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সাকিল আহমেদ ১৯ পদাতিক ডিভিশনের জিওসি, ৯৯ কম্পোজিট ব্রিগেডের কমান্ডার ও ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া সাকিল আহমেদ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক ও কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোয় কর্মরত ছিলেন। তিনি একটি পদাতিক ডিভিশনের জেনারেল স্টাফ অফিসার গ্রেড-১ ও একটি পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাকিল আহমেদ ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ওয়ার স্টাডিজে স্নাতকোত্তর, স্ট্র্যাটেজিক স্টাডিজে স্নাতকোত্তর ও ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এ ছাড়া তিনি দেশে ও দেশের বাইরে পেশাদার প্রশিক্ষণ কোর্স, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নিয়েছেন।