বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম স্মরণে চবিতে গবেষক সম্মেলন শনিবার

জামাল নজরুল ইসলাম
ফাইল ছবি

গণিতবিদ ও পদার্থ বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ‘জামাল নজরুল ইসলাম জাতীয় তরুণ গবেষক সম্মেলন’ শিরোনামের এ আয়োজন বসবে আগামী শনিবার। এতে ৭৫টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের ৫২৪ তরুণ গবেষক অংশ নেবেন।

বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি এ সম্মেলনের আয়োজক।

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়েছে। সম্মেলনটি গবেষণা কেন্দ্রের মিলনায়তনে দুপুর বারোটায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সম্মেলনের আহ্বায়ক অঞ্জন কুমার চৌধুরী, সদস্যসচিব অলক পাল, শিক্ষক আদনান মান্নান, কাজী তানভীর আহমেদ, সুমন গাঙ্গুলি প্রমুখ।

সম্মেলনে আয়োজকেরা জানান, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গবেষণা সংস্কৃতি তৈরির লক্ষ্যে জাতীয় পর্যায়ের এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ‘কল্পনা ও উদ্ভাবনের পথে আগামী প্রজন্ম’ এমন প্রতিপাদ্যে নিয়ে দিনব্যাপী এই সম্মেলন হবে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে।

যাঁরা থাকছেন সম্মেলনে

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্ষদ সদস্য গবেষক সেঁজুতি সাহা। ‘স্পটলাইট স্পিকার’ হিসেবে থাকবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আইনুন নিশাত। ‘সম্মানিত অতিথি’ থাকবেন একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ মইনুল ইসলাম এবং কবি ও সাংবাদিক আবুল মোমেন।

‘জামাল নজরুল ইসলাম স্মারক বক্তৃতার’ মূল বক্তা থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন। তরুণদের ‘বিজ্ঞান গবেষণায় উদ্বুদ্ধকরণ’ পর্বে মূল বক্তা থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুনির হাসান।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার। বিশেষ অতিথি থাকবেন সহ-উপাচার্য বেনু কুমার দে, বিজ্ঞান অনুষদের ডিন নাসিম হাসান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মুহাম্মদ আলমগীর ও জামাল নজরুল ইসলামের মেয়ে সাদাফ সিদ্দিকি ও নারগিস ইসলাম।

পাশাপাশি আয়োজনে ভার্চ্যুয়াল যুক্ত হবেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অন্যদিকে উদ্বোধনী ও সমাপনী পর্বে সভাপতিত্ব করবেন সম্মেলনের আহ্বায়ক অঞ্জন কুমার চৌধুরী। বক্তব্য দেবেন সদস্যসচিব অলক পাল ও প্রধান নির্বাহী রবিউল হাসান ভূঁইয়া।

যা রয়েছে আয়োজনে

মোট ছয়টি শাখায় গবেষকেরা সম্মেলনে অংশ নেবেন। এগুলো হলো পদার্থবিজ্ঞান ও প্রকৌশল, জীববিজ্ঞান, পরিবেশবিজ্ঞান কৃষি ও উদ্ভিদ, স্বাস্থ্য ও চিকিৎসাবিদ্যা, সমাজবিজ্ঞান ও মানববিদ্যা, বাণিজ্য। এই ছয় বিষয়ে গবেষকেরা গবেষণা কর্ম উপস্থাপন ও গবেষণার পোস্টার প্রদর্শন করবেন। পাশাপাশি বাংলায় অস্ট্রেলিয়ার বিখ্যাত ‘থ্রি মিনিট থিসিস’, তথ্যচিত্র প্রদর্শন, সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে।
সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এ কে খান ফাউন্ডেশন, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক, স্টেলার, বার্জার পেইন্টস, হাবিব তাজকিরাস ও কনফিডেন্স সল্ট, নেসক্যাফে ও সিনমিন ও প্রথম আলো।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক জামাল নজরুল ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন গাণিতিক ও ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্র। এ গবেষণাকেন্দ্রে তাঁর অধীনে ২০ শিক্ষার্থী এমফিল ডিগ্রি নিয়েছিলেন। আর পিএইচডি ডিগ্রি নিয়েছিলেন ১৫ জন। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির যাত্রা শুরু হয় ২০১৯ সালে। সংগঠনটি গবেষণামূলক ও উচ্চশিক্ষাবিষয়ক বিভিন্ন সেশন, সেমিনার, কর্মশালা, প্রতিযোগিতার আয়োজন করে আসছে।