নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলটির প্রধান সমন্বয়কারী এস এম আবুল কালাম আজাদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী। কিন্তু তিনি প্রার্থী হয়েছেন ঢাকা-১৭ (গুলশান-বারিধারা-ক্যান্টনমেন্ট) আসনে।
সরকারের আনুকূল্যে দলটি নির্বাচন কমিশনে নিবন্ধন পায় বলে অভিযোগ রয়েছে। বিএনএফের প্রধান আবুল কালাম আজাদ জানান, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হতে যাচ্ছেন। আওয়ামী লীগ তাঁকে সহায়তা করছে। এম এ হান্নান মৃধা (স্বতন্ত্র) ও আবদুল লতিফ মোল্লা (জেপি) নামে অখ্যাত দুজন প্রতিদ্বন্দ্বী আছেন।
নবম সংসদ নির্বাচনে এ আসনের সাংসদ ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এবারও তিনি এ আসনে মনোনয়নপত্র জমা দেন। শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন এরশাদ।