সংক্ষেপ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক চন্দ্র ঘোষ (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ ঘোষপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার কালিমোহন চন্দ্র ঘোষের ছেলে। মানিক আটোয়ারী টেকনিক্যাল কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মানিক চন্দ্র বাড়ির পাশের বোরো খেতে সেচ দেওয়ার জন্য বিদ্যুৎ-চালিত সেচ পাম্প চালু করতে যায়। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।