নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎ বিভাগের কর্মী পরিচয় দিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে।ট্রান্সফরমার চুরির পর থেকে ওই এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সূত্র জানায়, এ নিয়ে গত দুই সপ্তাহে ফতুল্লা ও সোনারগাঁ থেকে পাঁচটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।দক্ষিণ সস্তাপুর এলাকার নৈশপ্রহরী লালু মিয়া বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ট্রাকে করে আসা চার-পাঁচজন লোক নিজেদের বিদ্যুৎ বিভাগের কর্মী পরিচয় দিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমারটি খুলে ট্রাকে তুলে নিয়ে চলে যায়।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘এ রকম ঘটনা শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।’