বিভিন্ন উপজেলায় ব্যালট পেপারসহ সরঞ্জাম প্রেরণ

দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ব্যালট বাক্সসহ সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম থেকে সরঞ্জামগুলো উপজেলা সদরে পাঠানো হয়।
পাঠানো সরঞ্জামের মধ্যে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল ও অমোচনীয় কালি রয়েছে। ভোট গ্রহণের আগের দিন তা বিভিন্ন কেন্দ্রে পাঠানো হবে। পুলিশ পাহারায় এসব সরঞ্জাম পাঠানো হয়। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-১২ (পটিয়া), চট্টগ্রাম-১৩ (আনোয়ারা), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া), চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে গতকাল সরঞ্জাম পাঠানো হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, ‘সব নির্বাচনী সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হয়েছে। নগরের আসনগুলোতে সরঞ্জাম এখান থেকেই বিভিন্ন কেন্দ্রে পাঠানো হবে।’